ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক চিরবৈরিতার কারণে এখন নিয়মিত ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ হয় না। ফলে দুই দলের লড়াই দেখার জন্য অপেক্ষা করতে হয় ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টের।
আগামী ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে গড়াবে ইন্দো-পাক ম্যাচ। বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেই মহারণ দেখতে উদগ্রীব চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সমর্থকেরা। তবে তাদের আশায় গুঁড়েবালি হতে পারে। বৃষ্টিতে ভেসে যেতে পারে কাঙ্ক্ষিত সেই ব্যাট-বলের যুদ্ধ। গেল কয়েক দিন ধরেই ম্যানচেস্টারে অবিরত বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারও অঝোর ধারে তা ঝরছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, রোববারও সেখানে দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা আছে।
বিবিসি আবহাওয়া ওয়েবসাইটে পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষ এবং আসছে সপ্তাহের শুরুতে শহরটির আকাশে মিশ্র আবহাওয়া বিরাজ করবে। প্রতিদিন রোদ-বৃষ্টির লুকোচুরি চলবে।যুক্তরাজ্যের আবহাওয়া অফিস বলছে, পাক-ভারত ম্যাচের দিন বিরতি দিয়ে রোদ-বৃষ্টি সম্ভাবনা আছে। সকালে বৃষ্টি হতে পারে। পরে তা থেমে সূর্যের আলো ফুটতে পারে। সারাদিনই সেই খেলা চলবে।
আবহাওয়া ডটকম জানিয়েছে, ওই দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সকালে তুমুল বৃষ্টির সম্ভাবনা আছে। দিন গড়ানোর সঙ্গে আকাশ পরিষ্কার হলেও মাঝে মধ্যে বৃষ্টি উঁকি দিতে পারে। দুপুর-বিকাল গড়িয়ে সন্ধ্যায় ফের তা গড়াতে পারে। রাতেও বৃষ্টি নামতে পারে। সর্বোপরি, গোটা দিন প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।