বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে তার পরিবার। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবেদনপত্রে স্বাক্ষর করে সেটি সচিবের দপ্তরে পাঠিয়ে দেন।
বুধবার (৩ মার্চ) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইসকান্দার গতকাল আবেদনটি আমার হাতে দিয়েছেন। এতে শর্ত শিথিল করারও আবেদন করা হয়েছে। আমরা যাচাই-বাছাই করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাব। আইন মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত জানাবে সরকার।
তিনি বলেন, সাজা মওকুফ করার আবেদন করা হয়েছে। একইসঙ্গে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাত্র গতকাল চিঠি পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জননী। আমরা আশা করছি বিষয়টি তিনি ইতিবাচকভাবে নেবেন।