দুই সপ্তাহের মধ্যে মশা নিয়ন্ত্রণ করার প্রত্যাশা মেয়র তাপসের

আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশা নিয়ন্ত্রণ করবেন বলে আশা প্রকাশ করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (৩ মার্চ( দুওউরে নিয়মিত পরিদর্শনে গিয়ে পান্থকুঞ্জ এসটিএস উদ্বোধন শেষে এই আশার কথা জানান তিনি।

মেয়র তাপস বলেন, আমরা বছরব্যাপী সমন্বিত মশক নিধন কর্মসূচি শুরু করেছি। ফলে এই বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল। ডিসেম্বর পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়েছি। তবে এই সময়ে কিউলেক্স মশার ব্যাপকতা বেড়েছে। ডেঙ্গু নিয়ে কাজ করার কারণে কিউলেক্সের দিকে আমরা নজর দিতে পারিনি। এক্ষেত্রে আমাদের পরামর্শদাতা এবং বিশেষজ্ঞদের নির্দেশনা ভুল ছিল।

বিশেষজ্ঞদের ভুলের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের বিশেষজ্ঞরা ঘটনা ঘটার পর বড় বড় পরামর্শ দেন। তারা আমাদের ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছিলেন। যদিও এখন আমরা নতুন কৌশল নিয়েছি। মশা নিধনে আমরা কীটনাশক পরিবর্তন করেছি। আশা করি, আমরা ডেঙ্গুর মতো কিউলেক্স মশার ব্যাপকতাও নিয়ন্ত্রণ করতে পারব।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যেই খালের বর্জ্য অপসারণের কাজ শুরু করেছি। সেখান থেকে আমরা দুই লাখ মেট্রিক টন ময়লা তুলেছি। কিউলেক্স মশা বদ্ধ ময়লা পানিতে হয়। ফলে আমরা যদি খালগুলো পরিষ্কার করতে পারি তাহলে দ্রুত মশা নিয়ন্ত্রণে আসবে। এক্ষেত্রে ঢাকাবাসীকে একটু ধৈর্য ধরতে হবে। পাশাপাশি এবছর এপ্রিল থেকেই আমরা ডেঙ্গুর জন্য কার্যক্রম শুরু করব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর