‘নির্বাচন কমিশনের লজ্জা থাকলে মাহবুবের সমালোচনা করতেন না’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে নিয়ে ক্ষোভ প্রকাশ করায় প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সিইসির ন্যূনতম লজ্জা থাকলে মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না।

বুধবার (৩ মার্চ) সকালে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘সরকারের হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের অপচেষ্টার প্রতিবাদে’ বিক্ষোভ মিছিলটি মিরপুর ১১ নম্বর থেকে সাড়ে ১০-এ এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মাহবুব তালুকদার ইসির ভাবমূর্তি ক্ষুণ্ন করেননি; বরং সিইসিই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বিতাড়িত হয়েছে। সিইসির ন্যূনতম লজ্জাবোধ থাকলে তিনি ইসি মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না। বরং যদি তার মধ্যে ন্যূনতম বিবেকবোধ থাকত, তা হলে নিজের অপকর্মের জন্য অনুশোচনা করতেন। দেশের গণতন্ত্রের ধ্বংসের জন্য দায়ী এই সিইসি।

সমাবেশ শেষ হওয়ার আগেই পুলিশ এসে হামলা চালায়। এ সময় পুলিশ বিএনপির চার কর্মীকে আটক করে নিয়ে যায়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, দপ্তর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক, পল্লবী থানার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মল্লিক, রূপনগরের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক মজিবুল হকসহ সহস্রাধিক নেতাকর্মী।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর