পঞ্চম দফায় নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে যাচ্ছে আরও ২ হাজার ২৬০ জন রোহিঙ্গা। বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি জাহাজ তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে।
বুধবার (৩ মার্চ) সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয় জাহাজগুলো। কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দোজা নয়ন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল (মঙ্গলবার) টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ক্যাম্পে রাখা হয় রোহিঙ্গাদের। আজ ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছে তারা।
গত ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় ২ হাজার ১০ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় ৩ হাজার ২৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর যান।
গত ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। গত বছরের ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন নোয়াখালীর ভাসানচরে যান।
বার্তাবাজার/নব