আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আফগানিস্তানে একটি টেলিভিশন স্টেশনের ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। মঙ্গলবার(২ মার্চ) পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে তাদের গুলি করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীদের বয়স ১৮ থেকে ২০। দু’টি পৃথক ঘটনায় ওই নারীদের হত্যা করা হয়েছে। তবে এসব হত্যাকান্ডের মধ্যে সমন্বয় ছিল বলে ধারণা করা হচ্ছে। এদিকে হামলার পর ৪র্থ আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার প্রধান হামলাকারীকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। ওই ব্যক্তির সঙ্গে তালেবানের সম্পৃক্ততা রয়েছে।
তবে তালেবানের পক্ষ থেকে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই দেশটির সাংবাদিক, সমাজকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তালেবানদের হামলার শিকার হচ্ছেন। যে ৩ জন নারীকে হত্যা করা হয়েছে তারা বেসরকারিভাবে পরিচালিত ইনিকাস টিভি স্টেশনের ডাবিং বিভাগে কর্মরত ছিলেন। ইনিকাস টিভির প্রধান জালমাই লাতিফি এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর