ভারতীয় সীমান্ত থেকে বাঙালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী জয়নগর গ্রামের ভারতীয় সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম সিরাজ আলী (৪৫)।

মৃত সিরাজ আলী জয়নগর গ্রামের আব্বাস আলীর ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পার্শ্ববর্তী দেবনগর গ্রামের অহিদ আলীর ছেলে বাবুল মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহতের ভাই সাহেদ আলী জানান, রোববার সন্ধ্যায় সিরাজ আলী বাড়ি থেকে বের হয়েছিলেন। পরদিন ভারতীয় সীমান্তের একটি গাছের সাথে তার মরদেহ ঝুলতে দেখে বাড়িতে খবর দেয় স্থানীয়রা। তার ভাইকে হত্যা করে সীমান্তের গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি সাহেদ আলীর।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মহসীন আল মুরাদসহ পুলিশ ঘটনাস্থয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাবুল মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। ময়না তদন্ত রির্পোট না আসা পর্যন্ত এ মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর