দেশের সংগীত ভূবনের কিংবদন্তী শিল্পী জানে আলম মারা গেছেন। মঙ্গলবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
জানে আলমের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দেসের খ্যাতিমান সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের মালিক জহিরুল ইসলাম সোহেল।
তিনি বলেন, কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হন জানে আলম। পরে আক্রান্ত হয়য় নিউমোনিয়ায়। ক্রমে তার অবস্থা অবনতি হতে থাকলে মঙ্গলবার তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মারা যান।
এদিকে সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবি’র মহাসচিব এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বুধবার (৩ মার্চ) মগবাজার জানে আলমের বাসভবন এলাকায় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে জন্মস্থান মানিকগঞ্জের হরিরামপুরে। সেখানে পারিবারিক কবরস্থানে চিরশায়িত হবেন এই নন্দিত শিল্পী।
জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা ৪ হাজারের মতো। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার।
বার্তাবাজার/এসজে