দেশটা কারো বাবার সম্পত্তি নয়: ইঞ্জি. ইশরাক

অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, দেশটা কারো বাবার সম্পত্তি নয়। কোনো দলের সম্পত্তি নয়। দেশটা আমার আপনার সবার। সবাইকে সঙ্গে নিয়েই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনব।

মঙ্গলবার (২ মার্চ) খালেদা জিয়ার মুক্তি, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে দুপুর ২টায় রাজশাহীর মাদরাসা ময়দান সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানাই। সেই দাবি আদায় করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ। সেই সঙ্গে পঞ্চদশ সংশোধনীও বাতিল চাই। যেখানে অন্যায়ভাবে তত্ত্বাবধায়ক সরকার আইনকে বাতিল করা হয়েছিল।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পর যে দেশে আনন্দে স্বাধীনতা উদযাপনের কথা ছিল, সেখানে স্বাধীনতার ৫০ বছর পর এসে গুম, খুন, ধর্ষণ, হত্যা, দুর্নীতি, জেল-জুলুম, মানুষের মৌলিক অধিকার হরণ, কথা বলার অধিকার হরণ করা হচ্ছে। করা হচ্ছে মানুষের ভোটাধিকার হরণ। এসব অন্যায়ের প্রতিবাদের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।

ইশরাক বলেন, ‘ডিজিটাল আইনের আওতায় এক লেখককে কারারুদ্ধ করা হয়েছিল। তাকে জামিন দেয়া হয় নাই। ছয় বার তার জামিন পিছিয়েছে। কি এমন অপরাধ ছিলো তার? তাকে বিনা চিকিৎসায় কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে। আপনারা আরো দেখেছেন, জনগণের দৃষ্টি এড়ানোর জন্য নির্লজ্জভাবে স্বাধীনতার ৫০ বছর পর এসে স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব নিয়ে নাটক করেছে।

এসময় তিনি আরো বলেন, দেশে ২০১৩ সালের পর থেকে আজ পর্যন্ত প্রায় আড়াই কোটি ভোটার তৈরি হয়েছে। যারা ভোট কাকে বলে জানে না, নিজেদের ভোটটা আজও দিতে পারেনি। স্বাধীনতার ৫০ বছর পর আমরা এমন দেশ চাই নাই।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহামুদ টুকু। এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর