বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলক আ স ম আব্দুর রব বলেন, কারোর স্বীকৃতির জন্য জীবনবাজি রেখে পতাকা উত্তোলন করিনি।
মঙ্গলবার (২ মার্চ) জাতীয় পতাকা দিবসে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই ক্ষণে ডাকসুর সাবেক ভিপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব এ কথা জানান।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য পাকিস্তানি বাহিনীর কামান গোলা উপেক্ষা করে পতাকা উত্তোলন করেছিলাম। স্বাধীনতা অর্জন কারো একার কৃতিত্ব নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যার যার অবদান তা স্বীকার করতে কোন হীনমন্যতা থাকা উচিত নয়। পতাকা উত্তোলন দিবসের দলীয় কর্মসূচি পালন শেষে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
আ স ম আব্দুর রব বলেন, ৭১-এর এই দিনে বাঙালি জাতি রাষ্ট্র নির্মাণের চূড়ান্ত আকাঙ্খা রূপ দেয়ার লক্ষ্যে মুক্তিকামী মানুষের পক্ষে সিরাজুল আলম খানের পরিকল্পনায় এবং নিউক্লিয়াসের সিদ্ধান্তে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলাম।
স্বাধীন বাংলা দেশে ঔপনিবেশিক আইন-কানুন দিয়ে দেশ পরিচালনা করা হলে জনগণের আশা, আকাঙ্খা বাস্তবায়ন সম্ভব নয় বলেও মনে করেন বঙ্গবন্ধুর ‘চার খলিফার’ অন্যতম আ স ম আব্দুর রব।
বার্তাবাজার/ই.এইচ.এম