‘রাজপথ উত্তপ্ত হচ্ছে, অচিরেই সরকার পতনের আন্দোলন’

ইতোমধ্যে রাজপথ উত্তপ্ত হতে শুরু করেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অচিরেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। এ আন্দোলনে সবাইকে শামিল হতে হবে।

মঙ্গলবার (২ মার্চ) বিকালে রাজশাহী মহানগরীর মাদ্রাসা ময়দান সংলগ্ন এলাকায় আয়োজিত বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন।

বিএনপির শীর্ষ স্থানীয় এই নেতা বলেন, বৃদ্ধ বয়সে প্রস্তুত আছি। জীবনের শেষবিন্দু রক্ত দিয়ে হলেও গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে আমি আছি। সবাই প্রস্তুতি নিন। পুলিশ এখন সরকারি দলের কর্মী বাহিনীতে পরিণত হয়েছে। স্বাধীনতার আগে থেকেই দেশের নানা সমস্যার সমাধান হয়েছে রাজপথে। এবারও রাজপথেই ফয়সালা হবে।

দেশে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশ এখন দুর্নীতিতে ভরে গেছে। ফরিদপুরের ছাত্রলীগ সভাপতিই দুই হাজার কোটি টাকা পাচার করেছে। তাহলে রাঘববোয়ালরা কত টাকা পাচার করেছে তার হিসাব দেশের জনগণ নেবে।

এর আগে বিকাল ৩টা ১০ মিনিটে শুরু হয়ে এই সমাবেশ। সমাবেশ উপলক্ষে রাজশাহীর সাথে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক কর্তৃপক্ষ। এর ফলে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ যাত্রীদেরকেও পোহাতে হয়েছে দুর্ভোগ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর