‘আপনারা শুধু যুদ্ধের জন্য লাঠি-অস্ত্র নিয়ে প্রস্তুত হোন’
লাঠি ও অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের এমপি হারুন-অর রশিদ।
মঙ্গলবার (২ মার্চ) বিকালে রাজশাহী মহানগরীর মাদ্রাসা ময়দান সংলগ্ন এলাকায় আয়োজিত বিএনপির বিভাগীয় সমাবেশে তিনি এই কথা বলেন।
হারুন বলেন, আমি পার্লামেন্টে যোগদান করেছি। আমি জাতির উদ্দেশে বলে দিতে চাই, যে মুহূর্তে তারেক রহমান বলবে, এই অবৈধ সংসদ থেকে পদত্যাগ করে বেরিয়ে আসব। আপনারা শুধু প্রস্তুত হোন যুদ্ধের জন্য। লাঠি লাগে, অস্ত্র লাগে, যা কিছু লাগে তাই নিয়ে আমরা প্রস্তুত হব, ইনশাআল্লাহ।
সমাবেশ সম্পর্কে তিনি বলেন, আজকের এই সমাবেশ হচ্ছে লুটেরাদের উৎখাত করার সমাবেশ। আজকের এই সমাবেশ মাফিয়াদের বিরুদ্ধে আমাদের সমাবেশ। আজকের এই সমাবেশ হচ্ছে দেশে ভোটের অধিকার ফিরিয়ে আনার সমাবেশ। মানুষ আগুন হয়ে আছে।নির্বাচনের নামে কী প্রহসন হচ্ছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা এখনো যারা ইউনিয়ন পরিষদে নির্বাচন করতে সুরসুর করছি। কোনো লাভ হবে না। পঞ্চম ধাপের পৌরসভায় চারঘাটের নির্বাচনী কেন্দ্রে বোমা বিস্ফোরণ হয় নাই?কারা করেছে বোমা বিস্ফোরণ? এরপরও কি আমাদের নির্বাচনে যেতে হবে?
বার্তাবাজার/এসজে