কক্সবাজার সদরে রোজিনা খাতুন নামের এক নারীর মাথায় পিস্তল ঠেকিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক এসআইসহ ৩ পুলিশ সদস্যকে ২ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে তাদেরকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া পুলিশ সদস্যরা হলেন, এসআই নুর হুদা ছিদ্দিকী, কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লা। এরা কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত।
এর আগে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার পাশাপাশি অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসাথে মামলা রেকর্ড করে তাদেরকে আদালতে পাঠানোর কথাও জানান তিনি।
উল্লেখ্য, কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়া পাড়ার রোজিনা খাতুন গ্যাস সিলিন্ডারের ব্যবসা করার জন্য আত্মীয়-স্বজনদের কাছ থেকে ৩ লাখ টাকা ধার করেন। টাকা নিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই সোমবার (১ মার্চ) বিকাল ৪টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশায় চড়ে ৫/৬ জন সাদা পোশাক পড়া লোক তার বাড়িতে প্রবেশ করে তাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে টাকা দাবি করে।
তখন রোজিনা খাতুন টাকা দিতে রাজি না হওয়ায় তার মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করেন ওই লোকজন। এক পর্যায়ে বাধ্য হয়ে রোজিনা তাদেরকে ৩ লাখ টাকা দিয়ে দেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে অটোরিকশার থাকা একজনকে ধরে ফেলে। তারা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে অভিযোগ করলে পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়।
বার্তাবাজার/এসজে