ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি জমিদার বাড়ি সংস্কার ও সংরক্ষণের দাবীতে জেলার ৩৪টি স্বেচ্ছাসেবী সংগঠন একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় জমিদার বাড়ির সামনে ও দুপুর দেড়টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় হাজার হাজার গ্রামবাসী ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। বক্তারা বাইশরশি জমিদার বাড়িটিকে সংস্কার করে বাড়িটি প্রত্নতাত্ত্বিক হিসেবে ঘোষণা এবং সরকারি সম্পদ হিসেবে ঘোষনা করার দাবী জানান।
দুপুর ১২টায় মানববন্ধন থেকে গণস্বাক্ষর নিয়ে জমিদার বাড়িটি রক্ষার দাবীতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করেন। এরপর দুপুর দেড়টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসেও সংগঠনগুলো পুণরায় মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাইশরশি জমিদার বাড়িটি দীর্ঘদিন যাবৎ অযত্ন অবহেলার কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। বিভিন্ন ক্ষমতাশালীরা এই বাড়ির বিভিন্ন সম্পদ নিয়ে যাচ্ছে। এছাড়া বক্তারা বাইশরশি জমিদার বাড়িটি সংস্কার ও সংরক্ষণ করে এখানে পর্যটন কেন্দ্র করার জন্য দাবী জানান।
উল্লেখ্য, বাইশরশি জমিদার বাড়িটির শেষ জমিদার বাবু শুকুমার রায় চৌধুরী ১৯৭১ সালে আত্মহত্যা করার পর জমিদার বাড়ির লোকজন চলে যায়। এরপর থেকে বাড়িটি শূণ্য পরে আছে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর