কক্সবাজারে শহরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ে ঘটনায় গ্রেফতার হওয়া তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে নেয়া হবে বিভাগীয় ব্যবস্থা।
কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, এক মহিলার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় এক উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা তিন জনই কক্সবাজার সদর মডেল থানায় কর্মরত ছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন- উপ-পরিদর্শক নূরুল হুদা, কনস্টেবল মুমিনুল মামুন ও মামুন মোল্লা।
জানা গেছে, জানা যায়, কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়া পাড়ার রোজিনা খাতুন গ্যাস সিলিন্ডারের ব্যবসা করার জন্য আত্মীয়-স্বজনদের কাছ থেকে ৩ লাখ টাকা ধার করেন। টাকা নিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই বিকাল ৪টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশায় চড়ে ৫/৬ জন সাদা পোশাক পড়া লোক তার বাড়িতে প্রবেশ করে তাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে টাকা দাবি করে।
তখন রোজিনা খাতুন টাকা দিতে রাজি না হওয়ায় তার মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করেন ওই লোকজন। এক পর্যায়ে বাধ্য হয়ে রোজিনা তাদেরকে ৩ লাখ টাকা দিয়ে দেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে অটোরিকশার থাকা একজনকে ধরে ফেলে। তারা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে অভিযোগ করলে পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়। পরে তার স্বীকারোক্তি মতে অন্য দুইজনকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় রোজিনা আকতার বাদি হয়ে রাতেই একটি মামলা করেছেন। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, কেউই আইনের উর্ধ্বে নয়। অপরাধ করে কেউ পার পাবে না। গ্রেফতার পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনী বিধি মতো সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
রফিক মাহমুদ/বার্তাবাজার/এ.আর