মানুষের খাদ্য সমস্যা যেন না হয় ও কৃষি উৎপাদন বিঘ্নিত না হতে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় তিনি এসব নির্দেশনা দেন।
গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে শেরে বাংলা নগরের এনইসি ভবনে অনুষ্ঠিত সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এসময় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করে প্রধানমন্ত্রীর বক্তব্য গুলো তুলে ধরেন পরিকল্পনা সচিব মোহাম্মদ জয়নুল বারী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আজ নির্দেশনা দিয়েছেন যে, নদীভাঙন রোধে যেন শুষ্ক মৌসুমে কাজ করা হয়। প্রধানমন্ত্রী বলেছেন করোনাকালে সারাবিশ্বে যেখানে অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে, সেখানে আমরা যেভাবে অর্থনীতিকে চালু রেখেছি, সেটা বজায় রাখতে হবে। আমাদের এখন গুরুত্ব দিতে হবে যে, খাদ্য উৎপাদন, মানুষকে খাদ্য সরবরাহ, সময়মতো ভ্যাকসিন দেওয়া। এজন্য প্রয়োজনে আরো ভ্যাকসিন কেনা হবে।
তিনি আরও জানান, মানুষের নিত্যপ্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সেখানে গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী। যেন মানুষের খাদ্য সমস্যা না হয়, কৃষি উৎপাদন বিঘ্নিত না হয়।
বার্তাবাজার/এসজে