ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে ৫ দিনের রিমান্ডে নিয়ে পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
মঙ্গলবার (২ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
রিজভী বলেন, গ্রেফতারদের মধ্যে গত পরশুদিন সন্ধ্যার পর ঢাবি ছাত্রদলের সদস্য আনিসুর খন্দকার অনিক, এফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান এবং সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের কর্মী আতিক মোর্শেদকে আইন শৃঙ্খলাবাহিনী তুলে নিয়ে দীর্ঘ সময় অস্বীকার করেছে শুধুমাত্র তাদের ওপর শারীরিক নির্যাতন করার জন্য।
তিনি বলেন, সোমবার রাতে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ ঢাকা জেলা ছাত্রদলের সদস্য সজীব রায়হানকে বাসায় না পেয়ে তার তিন ভাই জুয়েল, সোহেল ও সুমনকে অন্যায়ভাবে ধরে নিয়ে গেছে। এই ঘটনা আওয়ামী বাহিনীর আরেকটি নির্মম ও দুঃসহ দৃষ্টান্ত। যা ২৫ মার্চের পর হানাদার বাহিনী এবং স্বাধীনতার পর রক্ষীবাহিনীর বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়। এই সমস্ত ঘটনা নিশিরাতের সরকারের ক্রোধপরায়ণতা ও উৎপীড়নের এক ভিন্ন ও গভীর দৃষ্টান্ত।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতার উন্মাদনার মধ্যে থাকতে চায় বর্তমান আওয়ামী সরকার। বোধ, বুদ্ধি, বিবেচনা, মানবিকতা সব কিছু বিসর্জন দিয়ে এক নিষ্ঠুর মাফিয়াতন্ত্র কায়েম করেছে তারা।
অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও রিমান্ড বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, সজীব রায়হানের ভাই জুয়েল, সোহেল, সুমন যাদের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদেরও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
বার্তাবাজার/এসজে