গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর এলোপাথাড়ি কোপে মারা গেছেন এ্যামাজিন ফ্যাসনস লিমিটেডের এক গাড়ির ড্রাইভার। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহত জাহিদুল (৩৬) নেত্রকোনা জেলার বারহাট্রা থানার নামাপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
নিহতের ভাই, হেলাল জানান, প্রতিদিনের মত জাহিদুল তার বসকে অফিস থেকে বাড়িধারার ডিও এইচ এস এর বাসায় নামিয়ে দিয়ে গাজীপুরের মালেকের বাড়ির দিকে যাচ্ছিলো। পথিমধ্যে টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিল এর গেটের কাছাকাছি আসার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামেন। এসময় হঠাৎ করেই ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয় অটো চালক ও পুলিশের সহায়তায় মুমূর্ষু অবস্থায় টঙ্গী শহিদ আহসান উল্লাহ্ মাষ্টার জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানান, টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি টহল গাড়ি রাস্তার পূর্ব পাশে অবস্থান করছিলো ঘটনা দেখে তারা দ্রুত রাস্তা পাড় হতেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই দিকবিদিক পালিয়ে যায় হত্যাকারীরা।
ঘটনাস্থল থেকে জাহিদুলের ব্যবহৃত মানিব্যাগ, অফিস পরিচয়পত্রসহ কিছু কাগজপত্র উদ্ধার করেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধতন কর্মকর্তারা। তবে এ বিষয় কোন মন্তব্য পাওয়া যায়নি।
বার্তাবাজার/পি