ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম রিফাত বিন জিয়া তার মাকে ‘মা ‘ বলে সম্ভোধন করেন না। কারণ একটাই, তার মা বেবি ইয়াসমিন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
আওয়ামী লীগের সু-পরিচিত নেত্রীর ছেলেকে ছাত্রদলের পদ দেওয়ায় চলছে নানান সমালোচনা। সব সমালোচনাকে উড়িয়ে দিয়ে ছাত্রদল নেতা রিফাত এই তথ্য জানিয়েছেন।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সরাইল উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের এই কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটি ঘোষণার পর আওয়ামী লীগ নেত্রীর ছেলেকে সবার ওপরে স্থান দেওয়ায় ২ দিনের মধ্যেই পদত্যাগ করে ১৪ জন।
এরপর ২৮ ফেব্রুয়ারি রাতে এক বিবৃতি দিয়ে রিফাত জানান, ‘আমার ‘মা’ আ.লীগের রাজনীতিতে জড়িত হওয়ার কারণে আমি ‘মা’ ডাকা থেকে বঞ্চিত হয়ে আসছি। বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া এখন আমার ‘মা’। জিয়া পরিবার আমার পরিবার।’
তিনি আরও জানান, ১৯৭৯ সাল থেকে আমার বাবা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। বিএনপির রাজনীতিতে জড়িত থাকার কারণে এরশাদবিরোধী আন্দোলনের সময় একাধিক বার কারাবরণ করেছিলেন তিনি। নবগঠিত সরাইল উপজেলা ছাত্রদলকে সাংগঠনিকভাবে দুর্বল করতে আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। দীর্ঘ ১২ বছর ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় আছি। আজ কেন এতো প্রশ্ন?
তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। তিনি মিথ্যা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি এই ঘটনা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।
বার্তাবাজার/এসজে