নির্বাচন কমিশনারের ওপর চটেছেন প্রধান নির্বাচন কমিশনার

বর্তমান নির্বাচন কমিশনারকে অপদস্ত, হেয় এবং নিচে নামানোর জন্য নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যা করা প্রয়োজন তার সবই করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

মঙ্গলবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রকাশ্যে কঠোর ভাষায় নির্বাচন কমিশনারকে এক হাত নেন তিনি।

সিইসি বলেন, নির্বাচন কমিশনার ব্যক্তিগত স্বার্থে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কমিশনকে হেয় করছেন। মাহবুব তালুকদার সাহেব অভ্যাসগতভাবে সারাজীবন আমাদের এ নির্বাচনে যোগ দেওয়ার পরদিন থেকে যা কিছু ইসির নেগেটিভ দিক তা পকেট থেকে একটা কাগজ বের করে পাঠ করতেন। আজকে এর ব্যতিক্রম হয়নি।

তিনি আরও বলেন, দেশের নির্বাচন কমিশনের স্বার্থে তিনি কাজ করেন না; ব্যক্তি স্বার্থে ও একটা উদ্দেশ্য সাধন করার জন্য এ কমিশনকে অপদস্ত করার জন্য যতটুকু যা করা দরকার যখন যতটুকু করা দরকার ততটুকু করেছেন উনি। এ নির্বাচন কমিশনে যিনি যোগদান করেছেন, যতগুলো সভা হয়েছে সব সময় এটা করতেন। আর একটা বছর আছে তা তিনি বলতে থাকবেন।

সিইসি আরও বলেন, ভেবেছিলাম ভোটার দিবস হিসেবে তিনি কিছু বলবেন; কিন্তু তিনি রাজনৈতিক বক্তব্য রাখলেন। ইসিকে কতখানি হেয় করা যায়, কতখানি নিচে নামানো যায়, অপদস্ত করা যায় তা তিনি করে চলেছেন।

নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, এনআইডি উইং মহাপরিচালক ও প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন। ভোটার দিবসের অনুষ্ঠানে সবার বক্তব্য শেষে সিইসি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে মাহবুব তালুকদারও বক্তব্য রাখেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর