কক্সবাজারে বাড়িতে প্রবেশ করে পিস্তল টেকিয়ে এক নারীর ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১ মার্চ) বিকালে কক্সবাজার সদরের মধ্যম কুতুবদিয়া পাড়ার রিয়াজ আহমেদের স্ত্রী রোজিনা খাতুনের কাছ থেকে এই ছিনতাই করা হয়। তখন এলাকাবাসী এক পুলিশ সদস্যকে আটক করে ৯৯৯ নাম্বারে ফোন করে অভিযোগ জানায়। এরপর কক্সবাজার সদর মডেল থানার পুলিশ আরও ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপপরিদর্শক (এসআই) নুর হুদা ছিদ্দিকী, কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লা।
জানা যায়, কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়া পাড়ার রোজিনা খাতুন গ্যাস সিলিন্ডারের ব্যবসা করার জন্য আত্মীয়-স্বজনদের কাছ থেকে ৩ লাখ টাকা ধার করেন। টাকা নিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই বিকাল ৪টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশায় চড়ে ৫/৬ জন সাদা পোশাক পড়া লোক তার বাড়িতে প্রবেশ করে তাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে টাকা দাবি করে।
তখন রোজিনা খাতুন টাকা দিতে রাজি না হওয়ায় তার মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করেন ওই লোকজন। এক পর্যায়ে বাধ্য হয়ে রোজিনা তাদেরকে ৩ লাখ টাকা দিয়ে দেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে অটোরিকশার থাকা একজনকে ধরে ফেলে। তারা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে অভিযোগ করলে পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মোহাম্মদ সেলিম জানান, দ্রুত বিচার আইনে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বার্তাবাজার/এসজে