‘সুন্দর দেশ গড়ার ব্যর্থতার দায় কোনো ভাবেই এড়াতে পারিনা’

মুক্তিযুদ্ধ করে সুন্দর দেশ গড়তে ব্যর্থতার দায় নিজেদের বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ দায় কোনোভাবেই এড়ানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেছেন।

মঙ্গলবার (২ মার্চ) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়া শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু শিল্পী প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, মুক্তিযুদ্ধ করে দেশ গড়ার যে প্রত্যয় ছিল, তা করতে পারিনি। উদার সমাজ বা রাষ্ট্রব্যবস্থা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছি। আমরা সবাই দলাদলী করেছি, বিভক্ত হয়েছি কিন্তু সুন্দর বাংলাদেশ গড়তে পারিনি আর এই দায় আমাদের।

বিএনপি মহাসচিব বলেন, দলাদলি আর বিভক্তির কারণেই উদার ও সুন্দর বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছি, এর দায় কোনভাবেই এড়ানো যাবে না। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ গড়ার যে প্রত্যয় ছিল ৫০ বছর পরও সে স্বপ্ন বাস্তবায়ন করা যায়নি।

এর আগে সোমবার (১ মার্চ) দলের পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, নতুন করে স্বপ্ন পূরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এক সঙ্গে কাজ করতে হবে। আমরা মানুষকে নতুন করে স্বপ্ন দেখাতে চাই। সবাইকে আমরা মূল্যায়ন করতে চাই।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর