নারী ছিনতাইকারী চক্রের ছয় নারী সদস্যসহ গ্রেফতার ৭

অবশেষে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ এক শক্তিশালী নারী ছিনতাইকারী চক্রকে ধরতে সক্ষম হলো। গতকাল সোমবার (১ মার্চ) তাদের সদরের রঘুরামপুর এলাকা থেকে গ্রেফতার করে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতদের মাঝে ৬ জন নারী ছিনতাইকারী রয়েছে। তাদের সাথে আছে একজন পুরুষ সদস্যও। বিস্ময়ের বিষয় হচ্ছে তারা সবার ঠিকানাই গ্রামাঞ্চলে। তাদের কাছ থেকে ১০টি স্বর্ণের চেইনও উদ্ধার করা হয়।

ময়মনসিংহ জেলা ডিবির ওসি শাহ কামাল আকন্দ সাংবাদিকদের জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ ছিনতাইকারী চক্রকে গ্রেপ্তারে মাঠে নামে। এরই অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ মার্চ) ডিবির এসআই অজয় কুমার চক্রবর্তী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে জেলা সদরের রঘুরামপুর থেকে গ্রেপ্তার করেন।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত চক্রটি দীর্ঘদিন থেকে নগরীর জনবহুল বিভিন্ন স্থানে কৃত্রিমভাবে নিজেরা নিজেরাই ভিড় জমিয়ে যাত্রী সেজে যাত্রীদের গলায় থাকা স্বর্ণের চেইন বিশেষ পদ্ধতিতে কেটে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এ ধরনের একাধিক অভিযোগ জমা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি চক্রটিকে গ্রেপ্তারে পরিকল্পনা সাজিয়ে টিমকে দায়িত্ব দেন। এরপরই চক্রটি আটক হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিহারা বেগম, শিল্পী বেগম, মনোরা বেগম, সুরাইয়া বেগম, রাশেদ মিয়া, পাপিয়া আক্তার, শিল্পী আক্তার। তাদের বাড়ি জেলার নান্দাইলসহ বিভিন্ন এলাকায়। গ্রেপ্তারকালে তাদের হেফাজত থেকে ১০টি স্বর্ণের চেইন এবং ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি কাটার উদ্ধার করে পুলিশ।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর