রাণীশংকৈলে রেকর্ড পরিমাণ জমিতে গম চাষ

বাংলাদেশে খাদ্য ফসল হিসেবে দ্বিতীয় শীর্ষ স্থানে রয়েছে গম। এবার আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে চলতি মৌসুমে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে রেকর্ড পরিমাণ জমিতে গমের বাম্পার ফলনের সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে মোট ৯৯৫০ হেক্টর জমিতে ‘বারি গম-২৫’, ‘বারি গম-২৬’, ‘বারি গম-২৭’, ‘বারি গম-২৮’ ‘বারি গম-২৯’ এবং রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল জাতের গমের চাষ হচ্ছে।

জানা যায়, গমের চাষ সহজ, সেচ পানির চাহিদা কম, ধানের চেয়ে গম চাষে খরচ কম এবং উৎপাদন কাজে কৃষকের শ্রমও কম লাগে। রোগ ও পোকার আক্রমনের তেমন সমস্যা না থাকার কারণে স্বল্প খরচ আর অল্প সময়ে এ ফসল আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠেছে কৃষকের মাঝে।

কৃষকরা জানান, প্রতিবিঘা জমিতে গম চাষে খরচ হয় চার থেকে পাঁচ হাজার টাকা। আর প্রতিবিঘা জমিতে গম পাওয়া যায় ১৪-১৫ মণ। বাজারে গমের চাহিদা থাকায় এবং অধিক লাভজনক ফসল হওয়ায় তারা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত উচ্চ ফলনশীল (উফশী) জাতের গম এমনকি বিনিয়োগ কমের কারণে লাভ বেশি হওয়ায় ক্রমান্বয়ে গম চাষে ঝুঁকছেন কৃষকরা।

কয়েকজন কৃষক বার্তা বাজারকে জানান, কৃষি অফিস আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করছে এবং বিভিন্ন ব্লকে দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ফসলের যত্নসহ পোকা-মাকড় যেন না লাগে সে বিষয়ে নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ বার্তা বাজারকে বলেন, কৃষকের অর্জন মানেই আমাদের অর্জন। অনেক ভালো লাগে কৃষকরা যখন কৃষি আবাদে ভালো ফলাফল পায়। চলতি মৌসুমে কৃষকরা যেন গম চাষে সমস্যায় না পড়েন এবং কৃষকদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।

মো: সবুজ ইসলাম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর