ঠাকুরগাঁও পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর এলাকায় এক ভিক্ষুকের টাকা ছিনতাই হয়েছে। আজ বিকেলে এ ঘটনা ঘটেছে। জানা যায়, ওই ভিক্ষুক গোবিন্দনগর মুন্সির হাট এলাকার মৃত মজির উদ্দিনের স্ত্রী মহেলা বেগম (৭৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মহেলা বেগম অনেক দিন ধরে ভিক্ষা করে জীবন যাপন করছেন। তার উপার্জিত অর্থ যাতে চুরি বা হারিয়ে না যায় সেই ভয়ে ভিক্ষা করে জমানো টাকা সবসময় তার শাড়ির আঁচলেই বেঁধে রাখতেন।
মহেলা বেগম জানান, সারাদিন ভিক্ষা করে বিকেলে মুন্সির হাটে রাস্তার পাশে বসে টাকা গুনছিলেন। এসময় দুই তরুণ তাকে কিল-ঘুষি মেরে প্রায় ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। টাকা হারানোর কষ্টে হা-হুতাশ করতে থাকেন মহেলা।
তিনি বলেন, ‘আমি একজন ভিক্ষুক। অনেক কষ্ট করে না খেয়ে আমি টাকা জমিয়েছিলাম চিকিৎসা করানোর জন্য। এখন আমি কী করব? আমার চিকিৎসা কীভাবে হবে? আমি প্রশাসনের সহযোগিতা চাই। এর বিচার চাই।
এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনাটি খুব দুঃখজনক। এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম