ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও লেখক মুশতাকের কারাগারে মৃত্যুর ইস্যুতে দেশের ছাত্র জনতার দাবি না মানলে রাজপথেই ফয়সালা হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর।
সোমবার (১ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে নুর এসব কথা বলেন।
মুশতাককে হত্যা করা হয়েছে দাবী করে নুর বলেন, এই হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে। মুশতাকের মৃত্যুর প্রতিবাদে ছাত্রসমাজের আন্দোলনে পুলিশ মারমুখি ভূমিকা পালন করছে। এই সরকার পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। যে এডিসি ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন তাকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
তিনি বলেন, এ পর্যন্ত গ্রেপ্তার সব ছাত্রদের মুক্তি দিতে হবে। নিঃশর্তভাবে তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। কারাগারে সব মৃত্যুর নিরপেক্ষ তদন্ত করতে হবে। অবিলম্বে সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।
বার্তাবাজার/এসজে