দায়িত্বরত অবস্থায় নিহত ৭৯ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা প্রদান

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (০১ মার্চ) দুপুরে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক।

আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ও ডিআইজি মঈনুল ইসলাম, জেলা প্রশাসক আতাউল গণি, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনিছুর রহমান মিয়া প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন সময় দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশ নেন দায়িত্বরত অবস্থায় নিহত কয়েকজন পরিবারের সদস্য। এ সময় তারা তাদের বিভিন্ন দাবিসহ একই সাথে পরিবারের বর্তমান অবস্থান তুলে ধরেন।

স্মরণ সভা শেষে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে টাঙ্গাইলে দায়িত্বরত অবস্থায় নিহত ৭৯ জন পুলিশ সদস্যদের পরিবারের মধ্যে সম্মাননা এবং ক্রেস প্রদান করা হয়। এর মধ্যে আইজিপি’র পক্ষ থেকে ৮ জন পরিবারের সদস্যকে ৫০ হাজার টাকা করে ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

এর আগে সকালে পুলিশ লাইনে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময় দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

হাসান সিকদার/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর