একজন নিহতের ঘটনায় আমরা সবাই দুঃখিত: নির্বাচন কমিশন সচিব
নীলফামারীর সৈয়দপুরে পৌর নির্বাচনের ভোটগ্রহণকালে সহিংসতায় একজনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, আমাদের কাছে কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। আমরা সবাই এই ঘটনায় দুঃখিত।
রোববার (২৮ ফেব্রুয়ারি) দেশের ২৯ পৌরসভায় ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
নির্বাচন কমিশন সচিব বলেন, সৈয়দপুরে সরকারি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের পাশে, কেন্দ্র থেকে দূরে, দু’টি গাড়ির মধ্যে, ছোটন অধিকারী নামের একজন ব্যক্তি ইন বিটুইন ৫২ টু ৫৮; আহত অবস্থায় ছিলেন। তাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন কোনো ছিল না। তার মৃত্যুর কারণটি জানতে গেলে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আমরা বলতে পারবো। ভোটকেন্দ্র থেকে অনেক দূরে দুই প্রার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমিতো মনেকরি ভোট ভালো হয়েছে। যদিও যে মৃত্যুটি হয়েছে সেটি কোনো পুলিশের গুলিতে হয়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এখন এই মৃত্যুটি কীভাবে হয়েছে সেটি ময়নাতদন্ত হলেই আমরা বুঝতে পারবো।
ইসি সচিব বলেন, দেশের ২৯ পৌরসভা, চার উপজেলা পরিষদের উপ-নির্বচন ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এগুলোর মধ্যে একটা কেন্দ্রেও ভোটগ্রহণ বন্ধ করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘন্টায় ঘন্টায় পাঠানো প্রতিবেদনে যা বুঝতে পেরেছি তাতে নির্বাচন উৎসবমুখর হয়েছে বলেই বুঝা যাচ্ছে।
বার্তাবাজার/এসজে