বাসে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে চালক-হেলপার আটক

হবিগঞ্জের নবীগঞ্জে লাকী পরিবহন নামের একটি চলন্ত বাসে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠেছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডে এমন ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বাসচালক রিয়াদ মিয়া (৪৫) ও চালকের সহকারী (হেলপার) ইব্রাহিম খলিল রুবেলকে (৩৫) আটক করে মারধরের পর পুলিশে দিয়েছে স্থানীয়রা।

স্থানীয়দের কতৃক জানা যায়, গতকাল শনিবার সকালে নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর গ্রামের এক ছাত্রী কলেজে যাওয়ার উদ্দেশ্যে ঢাকাগামী যাত্রীবাহী লাকী পরিবহনের ঢাকা মেট্রো (ব-১৫-৩৪৬৪) বাসে ওঠেন। পথিমধ্যে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে চালক ও হেলপার। ওই ছাত্রী গাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়ার কথা বললেও বাস না থামিয়ে তারা ঢাকার দিকে আগাতে থাকে। এক পর্যায়ে নিজেকে রক্ষা করতে চলন্ত বাস থেকে লাফ দেন ওই শিক্ষার্থী। পরে বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি অবগত করেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের আরজু হোটেলের সামনে স্থানীয়রা লাকী পরিবহনের ওই বাসসহ চালক রিয়াদ ও হেলপার রুবেলকে আটক করে। পরে তাদেরকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

আটককৃত বাসচলক রিয়াদ মিয়া ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে। হেলপার ইব্রাহিম খলিল রুবেল নরসিংদীর পলাশ উপজেলার ইসাখালি গ্রামের রফিজ উদ্দিনের ছেলে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, শিক্ষার্থীকে শ্লীলতাহানির দায়ে বাসচালক ও হেলপারকে আটক করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর