রাজধানীর আদাবরে গার্মেন্টসকর্মী খুনের ঘটনায় আরও একজন গ্রেফতার

রাজধানীর আদাবরে নাজমুল হক নামের এক ব্যক্তিকে খুনের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ডিবি তেজগাঁও জোন সাব্বির শেখ নামে আরও একজনকে গ্রেফতার করেছে। নিহত নাজমুল হক সাইনেষ্ট নামক গার্মেন্টস এ কর্মরত ছিলেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি মোহাম্মদপুর জোনাল টিম।

এসময় তার কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেয়া ডিবির অতিরিক্ত উপ-কমিশনার মো. আনিচ উদ্দীন বলেন, গ্রেফতার হওয়া সাব্বির প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক্দের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

গত ৩০ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯ টায় আদাবরের ঢাকা উদ্যানে অবস্থিত সাইনেষ্ট গার্মেন্টসের সামনে পূর্ব শত্রুতার জের ধরে গার্মেন্টসকর্মী নাজমুল হককে কয়েকজন সন্ত্রাসী এলোপাথাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় গত ৩১ জানুয়ারি আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়।

হত্যা মামলাটি তদন্তের ধারাবাহিকতায় ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করে। তারা প্রত্যেকেই নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর