পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, সাংবাদিকরা সব থেকে মহৎ পেশায় রয়েছেন। আপনারা যদি সত্য ও বস্তুনিষ্ঠ রিপোর্ট পরিবেশন করেন তাহলেই বরিশালের উন্নয়ন হবে। বরিশালের উন্নয়নের প্রথম কাতারের সৈনিক হলেন আপনারা। আপনাদের সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সঠিক সংবাদ পরিবেশন করতে হবে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বন্দর রোডস্থ পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউজে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দিয়েছেন। বাংলাদেশের ডেল্টাপ্ল্যান-২১০০ এর ৮০ শতাংশ কাজ পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে করানো হবে। এর আওতায় ৬৪ জেলার খাল খননের একটি প্রকল্প রয়েছে। গোটা বাংলাদেশে ৫১১টি ছোট নদী-খাল খনন করা হচ্ছে এবং এছাড়া ৮০টি ছোট জলাশয়ও রয়েছে। এগুলোর ৬০ শতাংশের মতো কাজ হয়ে গেছে। দেশের নদীভাঙন এলাকার দুর্দশাগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করছে। বরিশালের জলাবদ্ধতা নিরসনে একটি ভিন্ন প্রকল্প নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মুহা. ইসমাঈল হোসেন নেগাবান মন্টু, সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, জেষ্ঠ্য সাংবাদিক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু, নাছিম উল আলম, যুগ্ম সম্পাদক মোফাজ্জেল হোসেন, আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ ও মহানগর ছাত্রলীগের নেতা মাহাদসহ প্রমুখ।
বার্তাবাজার/হৃ.আর