ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৩য় পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানকে এক নাগরিক গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগরিক গণসংবর্ধনা প্রদান কমিটির আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় মেয়রসহ নবনির্বাচিত কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলরদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমিক সংগঠসসহ আয়োজক কমিটি।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র বলেন, আপনারা (এ পৌরসভার নাগরিকরা) আমাকে ভালোবেসে মেয়র নির্বাচিত করেছেন তাই আজ আমি মেয়র। আপনাদের এ পরিশ্রম এবং ভালোবাসা আমি আজীবন মনে রাখব।
পৌরসভার উন্নয়নের বিষয়ে বলেন, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি পৌরসভার ব্যাপক উন্নয়ন করার চেষ্টা করবো আর রাণীশংকৈল পৌরসভাকে একটি আধুনিক ডিজিটাল মডেল পৌরসভায় রুপান্তর করতে পারব। আপনারা সকলে দলমত নির্বিশেষে সহযোগিতা করলে আপনাদের সুবিধার্থে প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি তিন মাস অন্তর অন্তর প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সভা করবো সেখানে আপনাদের পরামর্শ গ্রহণ করে কাজ করব।
এ সময় তিনি আরো বলেন, আপনাদের সহযোগিতায় মাদকের ভয়াবহ থাবায় নিমজ্জিত এ পৌরসভাকে মাদকমুক্ত করে আলোর পথে ফেরাব ইনসাল্লাহ।
সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মহিলা সাংসদ সেলিনা জাহান লিটা, আ’লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সম্পাদক তাজউদ্দীন আহমদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি এস.এম জাহিদ ইকবাল, ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, মহিলা আওয়ামী নেত্রী ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, কাউন্সিলর রুহুল আমিন,ছাত্রলীগ নেতা তামিম হোসেনসহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ।
আ’লীগ নেতা ও প্রভাষক প্রশান্ত বসাকের সঞ্চালনায় আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রমিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা ও আলোচনা শেষে রাত ৯:৩০ মিনিটে স্থানীয় এবং অতিথি শিল্পীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মো: সবুজ ইসলাম/বার্তাবাজার/হৃ.আর