রাত পোহালেই জয়পুরহাট পৌরসভা নির্বাচন, ঝুঁকিপূর্ণ ১২টি কেন্দ্র
ভোর হলেই (২৮ ফেব্রুয়ারি) জয়পুরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় এই প্রথম ইলেকট্রনিক ভেটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার ২২টি কেন্দ্রে ১৫৫টি কক্ষে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জয়পুরহাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৫২ হাজার ৪৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৬১৭ জন ও নারী ভোটার ২৬ হাজার ৮৫৬ জন।
এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ জন প্রার্থী। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে লড়ছেন মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে অধ্যক্ষ শামছুল হক, পীর সাহেব চরমোনাই মনোনীত বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের জহুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকে লড়ছেন হাসিবুল ইসলাম ও নারিকেল গাছ মার্কার প্রার্থী বেদারুল ইসলাম বেদিন।
এ পৌরসভার ৯টি ওয়ার্ডে ৭০ জন কাউন্সিলর ও তিনটি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বার্তা বাজারকে বলেন, জেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। এ পৌরসভার ২২টি কেন্দ্রের ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
মিলন রায়হান/বার্তাবাজার/এ.আর