বিএনপির অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ১ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধণ করতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে দলটি।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছিয়ে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এ বিষয়ে সাবেক ছাত্রদল সভপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, আমরা আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছারের হাতে আমন্ত্রণপত্রটি দেওয়া হয়েছে। এ সময় আওয়ামী লীগের অফিস সহকারী মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আগামী ১ মার্চ বিকাল তিনটায় রাজধানীর লেকশোর হোটেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধণ করা হবে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর