ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থেকে মৃত্যুবরণ করা লেখক মুশতাক আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় খুলনায় রুহুল আমিন নামে একজনকে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিনকে ডিজিটাল নিরাপত্তা আইনে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তার ভাড়া বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় বলে জানা যায়। মুশতাক আহমেদের সাথে কারাগারে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের খুলনার বাড়িতে ভাড়া থাকতেন রুহুল আমিন।
এছাড়া একই সংগঠনের নেতা নিয়াজ মুর্শিদকে আটক করা হয়। কিন্তু তাকে রাত সাড়ে ১২টার দিকে ছেড়ে দেয় পুলিশ।
এর আগে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মুশতাক আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন আটক হওয়া রুহুল আমিন।
আটক হওয়ার পর গভীর রাতে ছাড়া পাওয়া নিয়াজ মুর্শিদ জানান, ডিবি ও কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল যৌথভাবে ওই বাসায় অভিযান চালিয়ে আমাদের তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এরপর রাত সাড়ে ১২টার দিকে আমাকে ছেড়ে দেওয়া হয়। তবে রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের কথা বলে আটক রাখা হয়।
এ বিষয়ে খুলুনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট, সামাজিক অস্থিরতা তৈরিসহ অন্যান্য কারণে রাতেই রুহুল আমিনের বিরুদ্ধে ডিবির এক পরিদর্শক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। তাকে আদালতের কাছে সোপর্দ করে রিমান্ডের আবেদন করার প্রক্রিয়া চলছে।
বার্তাবাজার/এসজে