স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কৃতিত্ব সকল জনেগণের বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের নতুন প্রজন্ম আজকের বাংলাদেশকে আরো সামনে এগিয়ে নিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এনিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। এসময় এ সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও অর্থমন্ত্রী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, মহামারি করোনার কারণে দীর্ঘ এক বছর পর আপনাদের সামনে এসেছি। কিন্তু সেটা সরাসরি না ভার্চুয়ালি। আমি আপনাদের কাছে একটি গৌরবোজ্জ্বল সুখবর নিয়ে এসেছি। বাংলাদেশ গতকাল স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের সুপারিশ লাভ করেছে। আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন করেছি।
তিনি বলেন, আজকের এই অর্জন আমার একার নয়। এটা দেশের জনগণের অর্জন। আমাদের এই অর্জন এমস সময় ঘরে আসলো যখন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের দ্বারপ্রান্তে। এসময় বাংলাদেশের জন্য এ উত্তরণ এক ঐতিহাসিক ঘটনা।
সরকার প্রধান বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে ধ্বংস স্তুপের মধ্যে থেকে টেনে তুলে স্বল্পোন্নত দেশের কাতারে উঠিয়ে এনেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তারই হাতে গড়া আওয়ামী লীগ দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছে। এ কৃতিত্ব এ দেশের জনসাধারণের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মাইলফলক অর্জন করতে পেরেছি। এই শুভ মুহূর্তে আমি দেশ ও দেশের বাহিরে অবস্থানরত বাংলাদেশের সকল নাগরিককে অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমাদের উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানাচ্ছি। জাতির পিতার কন্যা হিসেবে, একজন নগণ্য সেবক হিসেবে এই কৃতিত্ব অর্জনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি এই অর্জনকে উৎসর্গ করছি আমাদের দেশের নতুন প্রজন্মকে। যারা আজকের বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কার্যালয় মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিশিষ্টজন এবং সাংবাদিকগণ উপস্থিতি ছিলেন।
বার্তাবাজার/ই.এইচ.এম