জিয়াই মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছিল: সেতুমন্ত্রী

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, উগ্র সাম্প্রদায়িকতার উৎসমুখ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই উন্মুক্ত করেছিলেন। তার আমলেই সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়েছিল। জিয়াউর রহমান স্বাধীনতার মূল্যবোধকে নির্বাসনে পাঠিয়েছিলেন, মুক্তিযুদ্ধের রণধ্বণি জয় বাংলাকে নিষিদ্ধ করেছিলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তীকালে জিয়াউর রহমানের ভূমিকা মুক্তিযোদ্ধাদের কাছেই প্রশ্নবিদ্ধ ছিল। তিনি নিজেই নিজেকে বিতর্কিত করেছেন। একজন সেক্টর কমান্ডারের এমন মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি তোষণ ও পোষণ নীতিতে ইতিহাস নিজেই জিয়াউর রহমানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

সেতুমন্ত্রী বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট বিশ্বের ইতিহাসে নির্মমতম রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রধান সুবিধাভোগী জিয়াউর রহমান। তিনি বঙ্গবন্ধুর খুনীদের পুনর্বাসন করেছিলেন, বিভিন্ন দূতাবাসে দিয়েছেন চাকরি এবং খুনিদের বিদেশে পালিয়ে যেতেও সহযোগিতা করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর