গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার লেখক মোশতাক আহামেদের মৃত্যুর ঘটনায় তদন্তে একটি কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন।
কারাবন্দি মোশতাক আহমেদের মৃত্যুর ক্ষেত্রে তার চিকিৎসায় কোনো অবহেলা ছিল কিনা এছাড়া তার মৃত্যুতে অন্য কোনো কারণ আছে কি-না তা খতিয়ে দেখে ২ সদস্যের এই কমিটিকে আগামী ২ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা।
গাজীপুরের ডিসি এস এম তরিকুল ইসলাম শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, মোশতাক আহমেদের মৃত্যুর আগে তার চিকিৎসায় কারো কোনো অবহেলা আছে কি-না মূলত তা খতিয়ে দেখতেই আভ্যন্তরীণভাবে এ কমিটি করা হয়েছে। এছাড়া তার মৃত্যুতে অন্য কোনো কারণ আছে কি-না এর প্রতিবেদন পাওয়ার পর বিশেষজ্ঞরা জানাবেন।
এর আগে, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে ছয় মাসের বেশি কারাবন্দি অবস্থায় বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় মোশতাকের।
বার্তাবাজার/পি