মেয়েকে গলা কেটে হত্যা করলেন মা

গাইবান্ধা সাঘাটা উপজেলায় ছুরিকাঘাতে মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শুক্রবার(২৬ ফেব্রুয়ারি) বিকেলে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণউল্লায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম আতিকা সুলতানা। সে ওই গ্রামের আমিনুল ইসলাম ও হামিদা বেগম দম্পতির মেয়ে।

জানা যায়, কিশোরীর প্রেমের সম্পর্ক নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে গলায় আঘাত করে তার মা। এ ঘটনায় তার মা হামিদা বেগমকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বলেন, ‘আতিকার সঙ্গে প্রতিবেশী এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে বিকেলে মেয়ের সঙ্গে কথা-কাটাকাটি হয় হামিদার। একপর্যায়ে ছুরি দিয়ে মেয়ের গলা কেটে ফেলেন হামিদা। এতে সেখানেই আতিকার মৃত্যু হয়।’

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য আতিকার মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে।

সুমন মিয়া/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর