শীতের শেষে এখন বসন্ত চলছে। ইতোমধ্যেই দেশের সর্বত্র বাড়তে শুরু করেছে তাপমাত্রা। ফেব্রুয়ারির শেষ দিকে এই তাপমাত্রা এখন ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এসে থেমেছে। মার্চে সেটা ৩৮ ও এপ্রিলে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। সারদেশে তখন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ বয়ে যেতে পারে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়সহ দেশের সংশ্লিষ্ট সব দপ্তরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন সাক্ষরিত এই পূর্বাভাস পাঠানো হয়েছে।
পাঠানো পূর্বাভাসে মার্চের তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে, মার্চে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন মাঝারি অথবা তীব্র কালবৈশাখী অথবা বজ্রঝড় এবং দেশের অন্যত্র দুই থেকে তিনদিন হালকা অথবা মাঝারি কালবৈশাখী অথবা বজ্রঝড় হওয়ার আশঙ্কা আছে। তাপমাত্রা ক্রমান্বয়ে প্রথমে ৩৬ ডিগ্রি পরবর্তীতে উত্তর-পশ্চিমাঞ্চলে ৩৮ ডিগ্রিতে ঠেকতে পারে।
এপ্রিলের বিষয়ে বলা হয়েছে, এই মাসেও স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে এক থেকে দুইটি নিন্মচাপের আভাস আছে। ফলে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ছাড়া দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে দুই থেকে তিনদিন বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী অথবা বজ্রঝড় এবং দেশের অন্যত্র চার থেকে পাঁচ দিন হালকা অথবা মাঝারি কালবৈশাখী অথবা বজ্রঝড় হতে পারে।
এপ্রিলে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে) এবং অন্যত্র এক থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) অথবা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
বার্তাবাজার/এসজে