গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কাশিমপুর কারাগারে ডিজিটাল আইনে কারাবন্দি মুক্তচিন্তার লেখক মোস্তাক মারা গেছেন। মোস্তাকের মৃত্যুর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, বলতে হবে যে আমাদের ভুল হয়েছে। তার পরিবারকে এই মুহূর্তেই ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এখন সময় এসেছে ডিজিটাল আইনকে কবরে পাঠানো।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদে মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সভা ও জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কৃষক ও শ্রমিকের সাথে ব্যবহারের উপর নির্ভর করে একটা জাতি কতটা সভ্য, কতটা ন্যয়ভিত্তিক। কয়েক বছর আগে খুলনা গিয়েছিলাম, তখন জুটমিল শ্রমিকরা আন্দোলন করছিল, শীতের মধ্যে কষ্টের জীবন যাপন করছিল। তাদের জন্য বেশি কিছু করতে পারিনি, কিন্তু সেই স্মৃতি এখনো ব্যথা দেয়। আপনারা শ্রমিকরাই হলেন দেশ গড়ার কারিগর, আপনাদের সৃষ্টির উপর ভিত্তি করেই গড়ে উঠেছে বাংলাদেশ। আজকে যত বৈভব, যত বড় বড় স্বপ্ন তার প্রত্যেকটা ক্ষেত্রে অবদান রয়েছে আপনাদের।
সংগঠনের নির্বাহী সভাপতি মোখলেসুর রহমান মাস্টারের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপ পরিচালক হাফিজ আহমেদ মজুমদার, শ্রমিক নেতা জাকির হোসেন, আ. হাকিম, আম্বিয়া খাতুন, ইঞ্জিনিয়ার ওসমান গনি, গোলাম কাদের, নারী কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌস, যুব কমিটির সভাপতি এম এম আই সবুজ খান প্রমুখ।
বার্তাবাজার/ভি.এস