রোহিঙ্গাদের নিয়ে বিবিসির প্রতিবেদন ‘ভুল’, দাবি বাংলাদেশের

সাগরে ভাসমান রোহিঙ্গাদের নিয়ে বিবিসির এক প্রতিবেদনে দেয়া তথ্যকে ভুল বলে অভিহিত করলো বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনের এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বলা হয়, রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমায় নেই। বাংলাদেশের উপকূল থেকে তারা অনেক দূরে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘রোহিঙ্গা সংকট : সাগরে ভাসমান রোহিঙ্গাদের উদ্ধারে জাতিসংঘের আহ্বান’ শীর্ষক বিবিসির প্রতিবেদনটি ইতোমধ্যে বাংলাদেশ সরকারের নজরে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই রোহিঙ্গারা বাংলাদেশের সমুদ্রসীমায় ভাসমান অবস্থায় আছে। অথচ জাতিসংঘের শরণার্থী সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিসহ জাতিসংঘের অন্যান্য সংবাদে স্পষ্ট বলা আছে যে রোহিঙ্গাদের নৌকাটির অবস্থান আন্দামান সাগরে। ওই সাগর বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে, মিয়ানমারের দক্ষিণে, থাইল্যান্ডের পশ্চিমে এবং ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত। নৌকাটির অবস্থান মিয়ানমার থেকে প্রায় ৪৯২ কিলোমিটার, থাইল্যান্ড থেকে ৩৬৩ কিলোমিটার, ইন্দোনেশিয়া থেকে ২৮১ কিলোমিটার ও ভারত থেকে ১৪৭ কিলোমিটার দূরে। আর বাংলাদেশ থেকে এটি প্রায় এক হাজার ৭০০ কিলোমিটার দূরে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি বাংলাদেশ পূর্ণ শ্রদ্ধাশীল। এর আগে যখন আরেক দেশের সমুদ্রসীমায় অসহায় অবস্থায় রোহিঙ্গারা ভাসছিল, তখন সেখান থেকে বাংলাদেশ সরকার তাদের উদ্ধার করে। সমুদ্রবিষয়ক জাতিসংঘের আইন (আনক্লজ) অনুযায়ী, কোনো দেশের সমুদ্রসীমায় এ ধরনের জাহাজ ভাসমান থাকলে সেটি উদ্ধারের দায়িত্ব ওই দেশের। ফলে ওই দেশগুলোর উচিত তাদের আন্তর্জাতিক দায়বদ্ধতা পালন করা।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর