ছাত্র ইউনিয়নের ৭ নেতা বহিস্কার, দুই কমিটি বিলুপ্ত

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাত নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কার করা হয়েছে। তাদেরকে ৬ মাসের বহিস্কারাদেশ দেওয়ার পাশাপাশি বিলুপ্ত করা হয়েছে ঢাকা মহানগর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের কমিটিও।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির দফতর সম্পাদক মাহির শাহরিয়ার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের চতুর্থ কার্যনির্বাহী সভায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের গঠনতন্ত্রের ৪৮ (ক) ধারা লঙ্ঘনের দায়ে গঠনতন্ত্রের ৫৬ (গ) ধারা অনুযায়ী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের বর্তমান কমিটি বিলুপ্ত করা হলো।

নেতৃবৃন্দকে বহিস্কারের ব্যাপারে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী এবং নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সম্পা দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সাখাওয়াত ফাহাদ, সাধারণ সম্পাদক রাগীব নাঈম, সহকারী সাধারণ সম্পাদক মেঘমল্লার বসু, ঢাকা মহানগর সংসদের সভাপতি তাসিন মল্লিক, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদাত মাহমুদকে গঠনতন্ত্রের ৫৬ (ক) ধারা অনুযায়ী ছয় মাসের জন্য বহিষ্কার করা হলো।

এই বহিস্কারাদেশের পরে সংগঠনের ঢাবি সংসদের সহ-সভাপতি মাহির শাহরিয়ারকে ভারপ্রাপ্ত সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর