আবারও সড়কে মৃত্যুর মিছিল। সিলেট ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ১২ জন। এরমধ্যে সিলেটে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৮ জন। বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী মৃত্যু হয়েছে।
শুক্রবার(২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কের রশীদপুর এলাকায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস পরিবহনের বাসটি রশিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এনা পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় অন্তত ৮ জন। আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
অন্যদিকে, শুক্রবার(২৬ ফেব্রুয়ারি) সকাল ৬টায় বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া এলাকায় এমপি চেকপোস্টের সামনে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী মৃত্যু হয়েছে। বগুড়ার শাহাজানপুর থানার এসআই মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, শেরপুর উপজেলা থেকে বগুড়া শহরগামী যাত্রীবাহী অটোরিকশা এমপি চেকপোস্টের সামনে গেলে বিপরীতগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। এ সময় আহত অপর এক যাত্রীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। এ ঘটনার পর হাইওয়েতে বাস রেখে চালক-হেলপার পালিয়ে গেছে। এতে সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাস সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বার্তাবাজার/পি