বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অর্জন করা ‘বীর উত্তম’ খেতাব কেউ দান করেনি। এটা যুদ্ধ করে অর্জন করতে হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, এই খেতাব তো তিনি অর্জন করে্ছেন। এটা কারো দয়ায় পাওয়া নয়। যুদ্ধ করেছেন উনি এবং সেটা উনি পেয়েছেন, স্বাধীনতার ঘোষণা করে্ছেন উনি সেটা অর্জন করে্ছেন। সুতরাং এটা নিয়ে আমরা মনে করি যে, জিয়াউর রহমানের কোনো রকমের কোনো ক্ষতি তারা করতে পারবে না।
তিনি বলেন, আমি আগে বলেছি, জামুকার সিদ্ধান্ত কখনোই দেশের মানুষ মেনে নেবে না, এটা গ্রহণযোগ্য হবে না এদেশের মানুষের কাছে। জিয়াউর রহমানের অবদানকে কেউ খাটো করে দেখাতে চাইলে খাটো করে দেখাতে পারবে না।
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ভালো না। আই অ্যাম সিক। আমি অসুস্থ, এখনো সুস্থ নই। সিঙ্গাপুরে ১৪ দিন কোয়ারেন্টিনে থেকে তারপরে ডাক্তারদের সঙ্গে দেখা করে সব পরীক্ষা-নিরীক্ষা করে ফিরছি।
এর আগে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে সাথে নিয়ে দেশে ফিরেন মির্জা ফখরুল। হুইল চেয়ারে করে টার্মিনাল থেকে গাড়িতে উঠার আগ মুহুর্তে তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে।
উল্লেখ্য, চিকিৎসার জন্য গত ৩০ জানুয়ারি স্ত্রীকে সাথে নিয়ে সিঙ্গাপুর যান তিনি। ২০১৫ সালে কারাবন্দি থাকার সময় ঘাড়ে ইন্টারন্যাল করোটিভ আর্টারিতে ব্লক ধরা পড়ার পর থেকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন।
বার্তাবাজার/এসজে