পরকীয়া করায় ঘুমন্ত স্বামীর লিঙ্গ কর্তন করলেন স্ত্রী

লালমনিরহাটের সদর উপজেলাধীন গোকুন্ডা ইউনিয়নে পরিকীয়ার অভিযোগ এনে ঘুমন্ত স্বামী রাসেল মিয়াকে (৩২) ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তারই স্ত্রী খাদিজা বেগমের বিরুদ্ধে। এসময় এলোপাথাড়ি দায়ের কোপে স্বামী রাসেল এর মুখমন্ডল ও দুই পায়ের উড়ুতে জখম এবং লিঙ্গ কেটে যায়।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) ভোর রাতে ইউনিয়নের গুড়িয়াদহ খালিশা গ্রামে এ ঘটনা ঘটে। এরপর দুপুরে রাসেলের স্ত্রী অভিযুক্ত খাদিজাকে আটক করেছে থানা পুলিশ ।রাসেল ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শাহজামান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, তিন বছর আগে পাশ্ববর্তী মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি গ্রামের কৃষক নুর ইসলামের মেয়ে খাদিজার (২৩) সাথে রাসেলের বিয়ে হয়। তাদের দুই বছরের একটি মেয়ে রয়েছে। গত কয়েক মাস আগে রাসেল পরকীয়ায় জড়িয়ে পড়ে। এরপর এই বিষয় নিয়ে প্রায়ই স্বামী- স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।

এ ব্যাপারে গত বুধবার রাতে উভয় পরিবার বসে আপোষ-মিমাংসাও করেন। কিন্তু ওই ভোরের দিকে ঘুমন্ত অবস্থায় স্বামী রাসেলকে এলোপাথাড়ি কোপাতে থাকেন স্ত্রী খাদিজা বেগম। এসময় স্বামী রাসেলের আত্মচিৎকার শুনে প্রতিবেশিরা এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহা আলম বলেন, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছ। খাদিজার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রদীপ/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর