বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মো. আবদুর রহমান বলেন, সেলফি তুলে, দোকানে বসে কেউ বলবেন না আমি নির্বাচনী কাজে ব্যস্ত আছি। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কার ভোট প্রার্থনা করুন। ভোটারদের বোঝাতে চেষ্টা করুন, নৌকা বঙ্গবন্ধুর প্রতিক, শেখ হাসিনার প্রতিক, উন্নয়নের প্রতিক। নৌকায় ভোট দিলে বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে পরিবর্তন ঘটে।
ফরিদপুরের মধুখালি উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাগাট ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী এ জনসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায়ের পরিচালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. লিয়াকত শিকদার, মধুখালি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বকু, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার প্রমুখ।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর