এখন পর্যন্ত ডাবল লাইন নির্মাণ করতে না পারার কারণে রেলের যাত্রীদের কাঙ্খিত সেবা দেয়া যাচ্ছে না বলে মনে করেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী বলেন, ‘রেলওয়ে নিরাপত্তার সঙ্গে এবং শিডিউল রক্ষা করে ঠিক সময়ে চালানোর জন্য ডাবল লাইন নির্মাণ করা জরুরী। একটি লাইনের ওপর ট্রেন চলায় গতি বাড়ানো সম্ভব হচ্ছে না ফলে যাত্রীদের কাঙ্খিত সেবাও দেয়া যাচ্ছে না।’
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রেলভবনে বাংলাদেশ রেলওয়ে এবং ওয়াটার এইডের মধ্যে রেলওয়ে স্টেশনের পাশে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ/সংস্কার করাসহ ওয়াশ ব্যবস্থাপনার উন্নয়ন এবং পারস্পরিক শিখন কর্মসূচীর উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নূরুল ইসলাম বলেন, ‘ট্রেনের ভিতরের টয়লেট সমূহ পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাত্রীসেবার অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) ওয়াটার এইড বাংলাদেশের সাথে পাবালিক টয়লেট নির্মাণ ও সংস্কার করার উদ্দেশ্যে এই যৌথ চুক্তি করা হয়। আশা করা যাচ্ছে এইগুলো থেকে শিক্ষা নিয়ে এক বছরের মধ্যে বাংলাদেশের ৫০টি স্টেশনের পাবলিক টয়লেটকে আধুনিকায়ন ও উন্নত করা সম্ভব হবে।’
এসময় অন্যান্যের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, সিনিয়র ডিসেন্ট্রালাইজেশন, ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান ও ওয়াশ স্পেশালিস্ট শান্তনু লাহিড়ী বক্তব্য দেন।
বার্তাবাজার/ভি.এস