জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩ দিনের আল্টিমেটাম বেঁধে দিয়ে তাদের আন্দোলন স্থগিত করেছে। তাদের দাবি আগামী রোববারের মধ্যে পূরণ না হলে আবারও দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
চলমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম স্থগিত করার প্রতিবাদে বিভিন্ন সরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করতে আসেন।
কর্মসূচি স্থগিত করে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সিদ্ধেশ্বরী কলেজের ছাত্র আল আমিন। চলতি ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম সপ্তাহের ভিতরে চলমান পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করার দাবি জানান তিনি।
একই কলেজের শিক্ষার্থী জহির আহমেদ বলেন, আমাদের যৌক্তিক দাবিতে বাধা দেয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সাত কলেজের চলমান পরীক্ষা নেয়া হলে আমাদের পরীক্ষা কেন স্থগিত থাকবে। এটা স্পষ্টত বৈষম্য। আমরা তো সরকার পতনের আন্দোলন করছি না। আমাদের আন্দোলন পরীক্ষা নেয়ার আন্দোলন।
সেই সময় পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনাদের পরীক্ষা হোক আমরাও চাই। আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দিন, এ ব্যাপারে আমরা আপনাদের সকল সহযোগিতা করব।
পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা থানা ফটক থেকে না সরলেও এক পর্যায়ে তাদের সরিয়ে দেয়া হয়। তারা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থানের চেষ্টা করলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সেখানে তাদের অবস্থান নিতে দেয়নি।
বার্তাবাজার/ভি.এস