পিসিবির কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন হাফিজ

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে দলে দেখা যায়নি মোহাম্মদ হাফিজকে। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার।

সর্বশেষ ৯ ইনিংসে ৫টি হাফসেঞ্চুরি করেছেন হাফিজ। এই ফরম্যাটে সর্বশেষ ১২ ম্যাচে সর্বোচ্চ রানের তালিকায় দুইয়ে আছেন হাফিজ। ৩৮৬ রান নিয়ে শীর্ষে আছেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান। তার চেয়ে এক ইনিংস কম খেলে হাফিজ করেছেন ৩৩১।

দীর্ঘদিন ধরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে নেই হাফিজ। তবে পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে হাফিজকে ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। কিন্তু ক্যাটাগরি পছন্দ না হওয়ায় পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন হাফিজ।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদ হাফিজকে ‘সি’ ক্যাটাগরির চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি তা ফিরিয়ে দিয়েছেন এবং আমি কিছুটা হতাশ। তবে তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই।

এদিকে এক দশক পর টেস্ট দলে ফিরে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ‘সি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ফাওয়াদ আলম। উদীয়মান খেলোয়াড়ের ক্যাটাগরিতে আছেন হায়দার আলী, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।

ভালো পারফরম্যান্সের কারণে চুক্তিতে উন্নতি হয়েছে মোহাম্মদ রিজওয়ানের। ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তিনি। এই ক্যাটাগরিতে তার সঙ্গে আছেন বাবর আজম, আজহার আলি এবং শাহিন শাহ আফ্রিদি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর